ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’

#

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৬,  8:28 PM

news image

ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাস ও বিপ্লবীদের আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে রাজধানীতে আয়োজন করা হয়েছে মঞ্চনাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিশেষ প্রদর্শনী। চট্টগ্রামের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে এ আয়োজনের সঙ্গে থাকছে জাগরণমূলক সংগীতানুষ্ঠান ও শিশুদের আঁকা চিত্রপ্রদর্শনী।

ইতিহাস ও ঐতিহ্য পরিষদ এবং সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবনের সহযোগিতায় আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিশেষ এ আয়োজন।

অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবনের শিল্পীরা পরিবেশন করবেন জাগরণমূলক দলীয় সংগীত। এরপর মিলনায়তনের প্রবেশপথে দর্শনার্থীদের জন্য প্রদর্শিত হবে ঢাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা প্রীতিলতা ওয়াদ্দেদার, চট্টগ্রাম যুববিদ্রোহ, জালালাবাদ পাহাড় ও ধলঘাট খণ্ডযুদ্ধের চিত্র।

পাশাপাশি ওইসব যুদ্ধে শহীদ চট্টগ্রামের অমর বিপ্লবীদের প্রতিকৃতি এবং ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিভিন্ন মঞ্চায়নের প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে। অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের পর শুরু হবে নাটকটির বিশেষ মঞ্চায়ন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। দর্শনার্থীদের জন্য কোনো টিকিটের ব্যবস্থা রাখা হয়নি।

৪৭তম মঞ্চায়নে ‘ট্রায়াল অব সূর্যসেন’

ঢাকা পদাতিকের ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’। এবারের আয়োজনের মধ্য দিয়ে নাটকটির ৪৭তম মঞ্চায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সেনানী মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের বিয়োগান্তক ঘটনাকে উপজীব্য করে নাটকটি নির্মাণ করা হয়েছে।

নাটকটির রচনা ও মূল নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজ। তাঁর মৃত্যুর পর নাটকটির নবনির্দেশনার দায়িত্ব পালন করছেন অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী। প্রয়োজন অনুযায়ী নাটকের কিছু অংশে অলংকরণ ও মঞ্চ-পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন তিনি। নাটকে মাস্টারদা সূর্যসেন চরিত্রেও অভিনয় করছেন নাদের চৌধুরী।

নবনির্দেশনার অভিজ্ঞতা তুলে ধরে নাদের চৌধুরী বলেন, “‘ট্রায়াল অব সূর্যসেন’ ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসভিত্তিক একটি গুরুত্বপূর্ণ নাটক। এর রচনা ও নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত মাসুম আজিজ ভাই। তাঁর প্রয়াণের পর প্রয়োজন অনুযায়ী কিছু অংশে অলংকরণ করে নবনির্দেশনার কাজটি করেছি। নাটকে আমি মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করছি। ইতিহাসভিত্তিক এই নাটক বর্তমান প্রজন্মের অবশ্যই দেখা উচিত।”

প্রায় ৪০ চরিত্রের নাটক

প্রায় ৪০টি চরিত্র নিয়ে নির্মিত নাটকটির উল্লেখযোগ্য চরিত্রগুলোর মধ্যে রয়েছে—সূর্যসেন, কল্পনা দত্ত, তারকেশ্বর দস্তিদার, প্রীতিলতা ওয়াদ্দেদার, অম্বিকা চক্রবর্তী, নির্মল সেন, ব্রিটিশ উকিল, নেত্র সেন ও বাঙালি উকিল।

বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নান্টু, সাবিহা জামান, মামুন উর রশিদ, শ্যামল হাসান, আক্তার হোসেন, রবিউল ইসলাম মিলটন, শাহনাজ পারভীন জয়া, তারেক আলী মিলন, কাজী সম্রাট, আতিকুর রহমান, আল আমিন স্বপন, সুমন ঘোষ, নুর, খাজা হুজ্জাতউল্লাহ, জাহিদসহ অনেকে।

নাটকটির আলোক পরিকল্পনায় রয়েছেন জাকারিয়া কিরণ, সংগীত পরিচালনায় আবুল বাশার সোহেল এবং মঞ্চ ব্যবস্থাপনার দায়িত্বে আছেন শ্যামল হাসান।

দিল্লিতেও হয়েছে আন্তর্জাতিক প্রদর্শনী

২০১৮ সালের ১৮ জানুয়ারি ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর দেশ-বিদেশে একাধিক মঞ্চায়নের মধ্য দিয়ে নাটকটি দর্শকদের কাছে পরিচিতি লাভ করে। ইতোমধ্যে ভারতের দিল্লিতে নাটকটির দুটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট, শক্তিশালী সংলাপ ও নির্মাণশৈলীকে কেন্দ্র করে নাটকটি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। এবারের বিশেষ প্রদর্শনীর মাধ্যমে প্রীতিলতা ওয়াদ্দেদার ও ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি